এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে আবারও দেশ ছেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। প্রথম দফায় চলতি মাসের ১৪ তারিখ পিএসএল খেলে তিনি দেশে ফিরেছিলেন।
এরপর সিদ্ধান্ত হয়েছিল, পিএসএলের বাকি অংশের জন্য আর এনওসি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত পরিবর্তন আসে সেই সিদ্ধান্তে। ফাইনাল ম্যাচের জন্য আবারও নাহিদ রানাকে এনওসি দিয়েছে বিসিবি।
নিজ দল পেশোয়ার জালমির হয়ে ফাইনাল খেলতে আজ দুপুরে ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন এই তরুণ পেসার। ফাইনাল শেষে আগামী ৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিসিবি জানিয়েছে, পিএসএল ফাইনালের জন্য এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে। তাদের মতে, এটি নাহিদ রানার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ।
বিসিবির ভাষ্য অনুযায়ী, দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিম নিশ্চিত করেছে যে এই ম্যাচে খেলা তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের ভবিষ্যৎ পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
এদিকে নাহিদ রানাকে ফাইনালের জন্য এনওসি দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক।