ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করে বিতর্কে ভারতীয় অধিনায়ক, ম্যাচ ফি কেটে বড় শাস্তি দিল বিসিসিআই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করে বিতর্কে ভারতীয় অধিনায়ক, ম্যাচ ফি কেটে বড় শাস্তি দিল বিসিসিআই

আইপিএল চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করে বড় বিতর্কে জড়ালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ঘটনাটিকে কেন্দ্র করে তাকে শাস্তি দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম এবং ড্রেসিংরুম এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ভারতে ২০১৯ সালের ই-সিগারেট (ই-সিগারেট) নিষিদ্ধকরণ আইন অনুযায়ী ভ্যাপ বা ই-সিগারেট উৎপাদন, বিক্রি, আমদানি, রফতানি এবং বিজ্ঞাপনও নিষিদ্ধ। আইন ভাঙলে জেল ও জরিমানার বিধান রয়েছে।

এই নিয়ম ভেঙে আইপিএল ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করার ঘটনায় রিয়ান পরাগের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে বিসিসিআই। তাকে প্লেয়ার কোড অব কন্ডাক্টের ২.১ অনুচ্ছেদের অধীনে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২৯ এপ্রিল রাজস্থানের ড্রেসিংরুমে বসে পরাগের ই-সিগারেট ব্যবহারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই তার বিরুদ্ধে ২.২১ অনুচ্ছেদও প্রয়োগ করেছে। এই ধারা মূলত এমন আচরণকে অন্তর্ভুক্ত করে যা খেলার সুনাম ক্ষুণ্ন করে, কিন্তু নির্দিষ্ট কোনো ধারা দ্বারা স্পষ্টভাবে আচ্ছাদিত নয়।

এই নিয়ম অনুযায়ী জনসমক্ষে অসদাচরণ, উচ্ছৃঙ্খল আচরণ বা খেলার ভাবমূর্তির জন্য ক্ষতিকর মন্তব্য—সবই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়।

বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রিয়ান পরাগকে শাস্তির নোটিস দেওয়া হয়েছে। তবে তিনি চাইলে আপিল করতে পারবেন, যদিও এর জন্য পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তবে জানা গেছে, রিয়ান ইতোমধ্যেই তার শাস্তি মেনে নিয়েছেন।

এর আগে মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে ড্রেসিংরুমে সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যায় তাকে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই নেতৃত্ব ও পারফরম্যান্স—দুই দিক নিয়েই সমালোচনার মুখে পড়েছেন এই তরুণ অধিনায়ক। চলতি আইপিএলে ৯ ম্যাচে তার রান মাত্র ১১৭, যা নিয়েও প্রশ্ন উঠছে ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে।