এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সাম্প্রতিক কিছু গোপন ব্রিফিং এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে “তাৎক্ষণিক সামরিক হামলা” এখনো আলোচনার টেবিলে রয়েছে।
তিনি বলেন, তিনি যেসব ব্রিফিং পেয়েছেন এবং অন্যান্য সূত্র থেকে যা জেনেছেন, তাতে তার ধারণা—একটি দ্রুত সামরিক হামলার বিষয়টি এখনো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
ব্লুমেন্থাল আরও বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে মার্কিন সেনাদের সরাসরি ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক প্রাণহানির আশঙ্কাও তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমি এর চেয়ে বেশি বিস্তারিত বলতে পারছি না, কারণ অন্তত একটি ব্রিফিং আমি গোপনীয়ভাবে পেয়েছি। তবে আমি নিশ্চিত করে বলতে পারি না এটি কখন ঘটতে পারে। কিন্তু পরিকল্পনার অংশ হিসেবে বিষয়টি এখনো আলোচনায় আছে।”
তার মতে, এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু নয়, কারণ সংশ্লিষ্ট সামরিক নীতিনির্ধারকেরা দীর্ঘদিন ধরেই এমন সম্ভাবনার কথা আলোচনা করে আসছেন।
এদিকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরান নিয়ে হালনাগাদ সামরিক বিকল্প সম্পর্কে অবহিত হওয়ার কথা ছিল। একই সঙ্গে তিনি তেহরানকে একটি চুক্তিতে আসতে চাপ দিচ্ছেন বলেও জানা গেছে।