এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

ইসরায়েলি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ১২ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর একটি সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির ‘শুমিরা’ শহরে ইসরায়েলের একটি সাঁজোয়া যানের ওপর হিজবুল্লাহর ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দুটি আক্রমণকারী ড্রোন ব্যবহার করে বেনত জেবেইল শহরের দুটি মেরকাভা ট্যাংককে লক্ষ্যবস্তু বানায় এবং নির্ভুলভাবে আঘাত হানে।
এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা একই ধরনের ড্রোন দিয়ে আল-কানতারা শহরের আরও দুটি মেরকাভা ট্যাংককে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানায়, হিজবুল্লাহর ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় ইসবা আল-জালিল এলাকার ‘মাসকাউ আম’ এবং ‘কাফর গিলাদি’ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।