এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

আইসিসি আজ (শুক্রবার) বিকেলে বার্ষিক দলগত র্যাংকিংয়ের হালনাগাদ করেছে। প্রথমে পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিশ্বাস ফেলছে এবং ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানকে পেছনে ফেলেছে।
২০২৫ সালের মে থেকে এই পর্যন্ত সকল ম্যাচের ফলাফল শতভাগ বিবেচনায় রেখে এবং আগের দুই বছরের ৫০ শতাংশ ফল ধরে এই র্যাংকিং হালনাগাদ করা হয়েছে।
হালনাগাদ করা এই তালিকায় পুরুষদের টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন নেই। তিন পয়েন্ট যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার পাশে। ১৩১ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে দাপট দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকার পাশেও যোগ হয়েছে আরও তিন পয়েন্ট। ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা।
ইংল্যান্ডকে (১০২) টপকে এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত (১০৪)। পাঁচ নম্বরে আছে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট ১০১।
বার্ষিক হালনাগাদ করা র্যাংকিংয়ে এগিয়েছে পাকিস্তানও। ৮৯ পয়েন্ট নিয়ে তারা শ্রীলঙ্কাকে (৮৬) নিচে নামিয়ে ষষ্ঠ স্থানে। শীর্ষ দশে থাকা অন্যরা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রেটিং বিবেচনায় নেওয়া সময়ের মধ্যে শর্ত মেনে ৮ ম্যাচ না খেলায় আয়ারল্যান্ড র্যাংকিংয়ের বাইরে ছিটকে গেছে।
নাজমুল হোসেন শান্তদের চারটি রেটিং পয়েন্ট বেড়েছে। তবে আগের মতোই ৯ নম্বরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (৬৮) একদম কাছে বাংলাদেশ (৬৭)।
মেয়েদের ওয়ানডে র্যাংকিংয়েও একই গল্প। অস্ট্রেলিয়া যথারীতি শীর্ষে। ইংল্যান্ড দুই নম্বরে। শীর্ষ ছয়টি স্থান অপরিবর্তিত। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পরের চার দল।
বাংলাদেশের জন্য ভালো খবর আছে। তারা পাকিস্তানকে (৭২) টপকে সপ্তম স্থানে। ৭৩ পয়েন্ট নিগার সুলতানা জ্যোতিদের। গত তিন বছরে শর্ত মেনে আট ওয়ানডে না খেলায় র্যাংকিংয়ে জায়গা হয়নি থাইল্যান্ড ও নেদারল্যান্ডসের।
আগামী কয়েক দিনের মধ্যে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাংকিং এবং ছেলেদের ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করে প্রকাশ করা হবে।