ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি না হলেও সেটাই ভালো হতে পারে—ইঙ্গিত ট্রাম্পের, নতুন করে বাড়ছে অনিশ্চয়তা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি না হলেও সেটাই ভালো হতে পারে—ইঙ্গিত ট্রাম্পের, নতুন করে বাড়ছে অনিশ্চয়তা

ইরানের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতা চুক্তি না হলেও সেটি যুক্তরাষ্ট্রের জন্য “ভালোই” হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে এমন মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ শহরে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, হয়তো ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো। আমরা এই পরিস্থিতি চলতে দিতে পারি না, এটা অনেক দিন ধরে চলছে।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত টানা সংঘাতের পর ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য ছিল একটি স্থায়ী শান্তি বা সমঝোতা চুক্তিতে পৌঁছানো।

চুক্তির উদ্দেশ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। প্রায় ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এরই মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ নেয় ইরান। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাবও পাঠানো হয়। তবে সেই প্রস্তাবে সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইরানের প্রস্তাব নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেন। ফলে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আরও বাড়ছে ধোঁয়াশা ও উদ্বেগ।