এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে প্রায় ৪০ দিনের ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্যের আটটি দেশে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইরান—এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি অনুসন্ধানী প্রতিবেদনে। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলা এই সংঘাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আঘাতপ্রাপ্ত অবকাঠামোর মধ্যে ছিল অত্যাধুনিক রাডার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা এবং যুদ্ধবিমান।
স্যাটেলাইট ছবি এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, অনেক স্থাপনা এতটাই বিধ্বস্ত হয়েছে যে সেগুলো মেরামত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সিএনএন আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ স্থাপনাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে অবস্থিত। কংগ্রেসের এক সহকারীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব ঘাঁটিই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বড় অংশকে প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, ইরান পরিকল্পিতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল রাডার সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে ক্ষতির মাত্রা আরও বেড়ে গেছে।
এদিকে এই ক্ষতি পুনরুদ্ধারে বিপুল ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি মেরামত করতেই প্রায় ২০ কোটি ডলার খরচ হতে পারে।