ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

জলদস্যুর মতো আচরণ”—মার্কিন নৌবাহিনী নিয়ে ট্রাম্পের মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গনে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

জলদস্যুর মতো আচরণ”—মার্কিন নৌবাহিনী নিয়ে ট্রাম্পের মন্তব্যে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গনে

ইরানকে ঘিরে চলমান অবরোধ পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই বলেছেন, তাদের নৌবাহিনী “জলদস্যুর মতো” আচরণ করছে—যা আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক ও সমালোচনার ঝড় তুলেছে।

ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা জাহাজে উঠে সেটি দখল করি, কার্গো নিই, তেল নিই—এটা খুবই লাভজনক।” তার এই মন্তব্যে সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেলেও বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

তিনি আরও দাবি করেন, বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই স্বীকারোক্তিই ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌ-আইন উপেক্ষা করে শক্তির জোরে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

অন্যদিকে হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশ্বের জ্বালানির বড় একটি অংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। ইরান যখন নিজের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে, তখন যুক্তরাষ্ট্র আবারও চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ উঠছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই সংঘাতের সূত্রপাত হয়। এরপর ইরানের পাল্টা শক্ত প্রতিরোধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

যদিও ৮ এপ্রিল থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও উত্তেজনা এখনো কমেনি। বরং ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তাদের মতে, ইরান তার ন্যায্য অধিকার রক্ষায় অনড় থাকায় যুক্তরাষ্ট্রের চাপ কৌশল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।