এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

লেবানন সীমান্তে যেন ইসরায়েলি বাহনীর জন্য বাজে সময় এসে গেছে। হিজবুল্লাহ তাদের নতুন ড্রোন আর চমকপ্রদ কৌশলে ইসরায়েলকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। আর সবচেয়ে বড় মাথাব্যথা বানিয়েছে ‘ফাইবার অপটিক’ প্রযুক্তির ড্রোনগুলো। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও যেন হিমসিম খাচ্ছে এই ড্রোনের সামনে।
এখন তো ইসরায়েলি গণমাধ্যম আর নীতি নির্ধারকদের মধ্যেই শুরু হয়ে গেছে তীব্র চিন্তা আর বিতর্ক।
ইসরায়েলের এক সংবাদমাধ্যমের বিশ্লেষণ বলছে, তাদের সেনাবাহিনী এখন দীর্ঘমেয়াদি এক ক্ষয়ক্ষতির যুদ্ধে আটকে পড়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে যেসব ইসরায়েলি সেনা অবস্থান করছে, তারা নিয়মিত হয়ে উঠছে হিজবুল্লাহর স্নাইপার, শক্তিশালী বিস্ফোরক আর নিখুঁত নিশানায় ড্রোন হামলার শিকার।
বিশেষজ্ঞদের ভাষ্য, হিজবুল্লাহর এই আধুনিক ড্রোনগুলো শনাক্ত করাও যেন দুষ্কর। আর সেগুলো ঠেকানো তো আরও কঠিন। ফলে প্রতি দিনই ইসরায়েলি বাহিনীর হতাহতের খবর আসছে, যা সেনাদের মনোবলেও চরম প্রভাব ফেলছে।
আর এই পরিস্থিতি নিয়ে ইসরায়েলের ভেতরে বিতর্ক চরমে পৌঁছেছে। অনেক বিশ্লেষকের আশঙ্কা, লেবাননের এই অভিযান যেন আবার ফিরিয়ে আনছে সেই পুরনো দিনের স্মৃতি, যখন দীর্ঘ দখলদারিত্বের কারণে ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল।