ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

অনেক ক্রিকেটার এই লিগ খেলেই চালায় সংসার!’ মাঠে ফিরছে ডিপিএল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

অনেক ক্রিকেটার এই লিগ খেলেই চালায় সংসার!’ মাঠে ফিরছে ডিপিএল

অবশেষে সেই অপেক্ষা শেষ হলো। আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সারাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর এটি। তবে ক্রিকেটারদের জন্য এই খবর আরও বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোজগারের কথা ভাবলে।

জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয় আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দিলেন, ডিপিএল মানে শুধু ক্রিকেট নয়, অনেকের জন্য এটা সংসার চালানোর পথ।

হৃদয় বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের জন্য টুর্নামেন্ট খেলা অনেক জরুরি। আপনি দেখেন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশনের খেলোয়াড়েরাও খেলতে পারেনি। আমরা যারা প্রিমিয়ার লিগ ও ফার্স্ট ক্লাস করি, তারা কিছুটা আছি। কিন্তু যারা সেকেন্ড ও থার্ড ডিভিশনে খেলে, তারা পুরোপুরি থমকে গিয়েছিল। তাদের জন্য বিষয়টি খুব কষ্টের।’

এরপর হৃদয় এমন কথাই বললেন, যা অনেকের চোখে জল আনতে পারে। তিনি বলেন, ‘আমার মনে হয়, অনেক খেলোয়াড় আছে যারা ওই টুর্নামেন্ট খেলেই সংসার চালায়। আশা করি, বিসিবি তাদের জন্য সামনে ভালো সুযোগ তৈরি করবে। আর এই ডিপিএল আমাদের সবার জন্যই খুব জরুরি ছিল। টুর্নামেন্ট না হলে যেমন খেলোয়াড়দের সুযোগ নষ্ট হয়, তেমনি নতুন ভালো প্রতিভাও বেরিয়ে আসে না।’

নিজের দল মোহামেডান প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আল্লাহর রহমতে আমরা ভালো দল গঠন করেছি। তবে কাগজে কলমে ভালো দল এখন অনেকেরই আছে। আমাদের দলটাও ভালো। কিন্তু দিনশেষে মাঠে যে সেরা পারফর্ম করবে, তারাই ফল পাবে।’

ডিপিএল মানে শুধু ব্যাট-বল নয়, বরং অনেক ক্রিকেটারের স্বপ্ন ও রুটিরোজগারের লড়াই। তাই সোমবার থেকে শুরু হচ্ছে সেই লড়াই।