ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শেখার শেষ নেই, সবাই তো শেখে!’ নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হৃদয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

শেখার শেষ নেই, সবাই তো শেখে!’ নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হৃদয়

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন তাওহীদ হৃদয়। অর্ডার বদল হয়েছে, কিন্তু থেমে থাকেননি তিনি। এবার সাদা বলের সিরিজ শেষ করে মাঠে নামছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। মোহামেডানের জার্সি গায়ে চাপ দিতে চলেছেন এই তরুণ তারকা। আর আজ রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন, তিনি এখনো শিখছেন।

মিরপুরে হৃদয় বলেন, ‘শিক্ষার শেষ নেই। সবাই তো শেখে। আপনারা, আমরাও সবাই প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি। আমিও করছি। যেসব জায়গায় উন্নতি করার দরকার, সেসব জায়গাতেই আমি কাজ করছি।’

চাপ? হৃদয়ের কাছে সেটা কোনো ভয়ানক শব্দ নয়। বরং তিনি চাপকেই চ্যালেঞ্জ হিসেবে নিতে চান। তাঁর ভাষ্য, ‘চাপের কিছু নেই। প্রতিটা জায়গাতেই চাপ থাকবে। কিন্তু চাপের ভেতর থেকে আপনি কতটুকু উপভোগ করবেন, দলকে কী দিতে পারবেন বা নিজে কতটা পারফর্ম করবেন – সেটাই একজন প্লেয়ার হিসেবে চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ তো নিতেই হবে।’

দর্শকদের আগ্রহ কি ক্রিকেটে কমছে? একেবারে সোজা জবাব দিলেন হৃদয়। বললেন, ‘সবকিছু রিজিকের ওপর। তবে আগে যে ক্রেজ ছিল, এখন সেটা হয়তো একটু কমেছে। জানি না, ভুলও হতে পারি। আর এই কমার পেছনে হয়তো আমাদেরই দায় আছে। কারণ আমরা টিম হিসেবে ভালো করতে পারছি না।’