এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

নার্নিয়া ভক্তদের জন্য বাজে খবর। নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর মুক্তি পিছিয়ে গেছে। গ্রেটা গারউইগ পরিচালিত এই সিনেমাটি আগে ২০২৬ সালের নভেম্বরে আসার কথা ছিল। কিন্তু এখন সেটা পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি।
কেন এমন সিদ্ধান্ত? নেটফ্লিক্স জানিয়েছে, বড় পরিসরে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের লক্ষ্যেই এই তারিখ পরিবর্তন। নতুন শিডিউল অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি ২০২৭ থেকে আইম্যাক্স হলে শুরু হবে বিশেষ প্রদর্শনী। আর প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই মাস পর, মানে ২ এপ্রিল থেকে সিনেমাটি দেখা যাবে নেটফ্লিক্সের স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
সাধারণত নেটফ্লিক্স তাদের সিনেমা সরাসরি অনলাইনে মুক্তি দিলেও, সম্প্রতি বড় বাজেটের সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দেখানোর দিকে বিশেষ জোর দিচ্ছে তারা।
উল্লেখ্য, সবার প্রিয় ‘বার্বি’ সিনেমার পর এটি গ্রেটা গারউইগের প্রথম কাজ। ‘দ্য ক্রনিকলস অফ নার্নিয়া’ সিরিজের গল্প অবলম্বনে বানানো এই সিনেমাটি আসলে মূল কাহিনির আগের অংশ। যেখানে দেখা যাবে নার্নিয়া রাজ্য কীভাবে শুরু হয়েছিল। আর সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগ ও মেরিল স্ট্রিপের মতো বিশ্বখ্যাত তারকাদের।
বিশ্লেষকরা বলছেন, নেটফ্লিক্সের এই কৌশলগত সিদ্ধান্ত স্ট্রিমিং দুনিয়ার জন্য নতুন ইঙ্গিত বহন করছে। বড় বাজেটের সিনেমার জন্য এখনো প্রেক্ষাগৃহ কতটা জরুরি, সেটাই বোঝা যাচ্ছে এই সিদ্ধান্ত থেকে। ভবিষ্য়তে স্ট্রিমিং আর বড় পর্দা—দুই জায়গাতেই নিজেদের জায়গা ধরে রাখতে চায় নেটফ্লিক্স।
তবে যাই হোক, নার্নিয়া দেখতে হলে এখন আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। সেটা কি আপনাদের মেনে নিতে পারছেন?