এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্র আর ইরানের চলমান যুদ্ধ আর অবরোধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে গেছে ভারতীয় একটি ট্যাংকার জাহাজ—‘সর্বশক্তি’। যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ, সেখানে এই ঘটনাকে ‘বিরল’ বলছেন বিশেষজ্ঞরা।
জাহাজটি বেশ বড়। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গতকাল রোববার ৪৫ হাজার টন এলপিজি গ্যাস নিয়ে পারস্য উপসাগরের লারাক ও কেশম দ্বীপ থেকে হরমুজ প্রণালি পেরিয়ে ওমান সাগরে পৌঁছে যায় ‘সর্বশক্তি’। বর্তমানে এটি ভারতের বন্দরের দিকে যাচ্ছে। পুরো পথে কোনো বাধা, হামলা বা বিপত্তি হয়নি জাহাজটির।
‘সর্বশক্তি’ নিয়মিতই পারস্য উপসাগর আর ভারতের বন্দরগুলোর মধ্যে যাতায়াত করে। এবার যে এলপিজি বহন করছে, তার ফরমায়েশ দিয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
হরমুজে জাহাজটির নিরাপদ যাত্রা নিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতিক্রিয়া জানতে চায় ব্লুমবার্গ। তবে ওই সংস্থার কেউ মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, আরব উপসাগর আর পারস্য উপসাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই হরমুজ প্রণালি দিয়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজে অবরোধ দিয়েছিল ইরান। আবার ১২ এপ্রিল ইরানের তেল বাণিজ্য বন্ধ করতে হরমুজ ও ইরানি বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। তাতে আটকা পড়ে শতাধিক জাহাজ।
তবে ভারতীয় কোনো জাহাজ আটকা পড়ার খবর এখন পর্যন্ত নেই। বরং গত মার্চেও যখন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত চলছিল, তখনও একাধিক ভারতীয় ট্যাংকার নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছেছিল।