ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

খেলা শেষ’ লিখে বার্তা বিজেপির! মমতার জবাব ‘ওয়েট অ্যান্ড সি’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

খেলা শেষ’ লিখে বার্তা বিজেপির! মমতার জবাব ‘ওয়েট অ্যান্ড সি’

পশ্চিমবঙ্গের ভোটগণনায় প্রায় ১৯২ আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল কংগ্রেস পিছিয়ে মাত্র ৯৪ আসনে। ব্যবধান প্রায় ১০০ আসন। আর এমনিতেই ‘খেলা শেষ’ লিখে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেটা ভাইরাল হয়ে যায়। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার ব্যবহার করেছিলেন সেই স্লোগান। আর এবার বিজেপি যেন তাদের সেই স্লোগানেরই জবাব দিয়ে ‘খেলা শেষ’ লিখে উল্লাস করছে।

তবে পিছিয়ে পড়েও হাল ছাড়ছেন না মমতা। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি দিয়েছেন বার্তা। বলেছেন, “দয়া করে কেউ গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির পরিকল্পনা। আমি গতকাল থেকেই বলে আসছি, ওরা আগে তাদের এগিয়ে থাকা আসন দেখাবে। আমাদের আসন পরে দেখাবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখেছে। কল্যাণীতে সাতটা মেশিন ধরা পড়েছে, যেখানে কোনো মিল নেই।”

মমতার অভিযোগ, “কেন্দ্রীয় সরকার জোর করে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট হয়েছে।”

তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরারও আহ্বান জানিয়ে বলেছেন, “মন খারাপের কিছু নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড মাত্র গণনা হয়েছে। আসল ফল জানতে হবে ১৮-১৯ রাউন্ড শেষে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আপনারা সকলে জিতবেন। আমরা আছি আপনাদের সঙ্গে।”

শেষে জবাব দিতে ভোলেননি মমতা। তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”