ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

তামিলনাড়ুতে ঝড় তুললেন থালাপতি বিজয়! মুখ্যমন্ত্রী হতে পথে কত আসনে এগিয়ে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

তামিলনাড়ুতে ঝড় তুললেন থালাপতি বিজয়! মুখ্যমন্ত্রী হতে পথে কত আসনে এগিয়ে?

তামিলনাড়ুর ভোটগণনায় বড় চমক দিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। তাঁর দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) এগিয়ে আছে ১৪৫ আসনে। আর সরকার গড়তে প্রয়োজন মাত্র ১১৮টি আসন। তাহলে বুঝতেই পারছেন, এবার অধরা নয় মুখ্যমন্ত্রীর আসন!

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও বিশ্লেষণী পোর্টাল পিভেলুর তথ্য অনুযায়ী, সর্বশেষ গণনায় দেখা যাচ্ছে, থালাপতির দল অনেকটাই এগিয়ে। তবে এনডিটিভি জানিয়েছে, টিভিকে এগিয়ে ১০৫ আসনে— হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমবার নির্বাচনে নেমেই ‘কিংমেকার’ থেকে ‘দল বাজিমাত’—এ যেন সিনেমার গল্পকেও হার মানায়।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪ আসনে ভোট হয়। একক সরকার গঠনের জন্য যে কোনো দলকে জিততে হবে ১১৮ আসনে।

আর থালাপতি বিজয় তো এই বছরই প্রথম নির্বাচনে নেমেছেন। আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। দল মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও জিতলে যে তিনিই হবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে কারও সন্দেহ নেই।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার সময় বিজয় বলেছিলেন, এটি তাঁর কাছে ‘শখের কাজ’ নয়, ‘মিশন’—জনগণের সেবা করার মিশন। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবারেই তিনি কাঁপিয়ে দিয়েছেন তামিলনাড়ুর গতানুগতিক রাজনৈতিক দলগুলোকে।

বিশ্লেষকরা বলছেন, বিজয়ের উত্থান তামিল রাজনীতিতে নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি তাঁর এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে বলেই ধারণা করছেন তারা।