এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

আমেরিকার চোখ ফাঁকি দিয়ে ইন্দোনেশিয়ার পানিতে ঢুকে পড়ল আরেক ইরানি সুপারট্যাংকার। জাহাজ ট্র্যাকিং সংস্থা ট্যাংকার ট্রেকার ডটকম জানিয়েছে, ‘ডেরিয়া’ নামের একটি ভিএলসিসি (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি পাড়ি দিয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
আলজাজিরার প্রতিবেদন বলছে, এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতের পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। তখন ওই এলাকায় থাকা অন্যান্য ট্যাংকারগুলোকে ফেরত পাঠায় মার্কিন নৌবাহিনী।
তবে থামছে না ইরান। এর ঠিক একদিন আগেই একই সংস্থা জানিয়েছিল, ‘হিউজ’ নামের আরেকটি সুপারট্যাংকার প্রায় ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে একই রুটে রিয়াউ অঞ্চলের দিকে এগোচ্ছে।
ট্যাংকার ট্রেকার আরও জানিয়েছে, এপ্রিল মাসে মোট ২৫টি ইরানি তেলবাহী জাহাজ বেরিয়েছে। তার মধ্যে সাতটি জাহাজ ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী, আর দুটি জব্দ করা হয়েছে। বাকি জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছেছে বা পৌঁছানোর পথেই রয়েছে।