ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ভোটের ফল ঘোষণার দিনই দেবের মন ভাঙল! কী হারালেন নায়ক-সাংসদ?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

ভোটের ফল ঘোষণার দিনই দেবের মন ভাঙল! কী হারালেন নায়ক-সাংসদ?

পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণার টানটান উত্তেজনার মাঝেই মন কাঁদানো খবর দিলেন টালিউডের সুপারস্টার ও সাংসদ দেব। এক দশকের বেশি সময়ের সঙ্গী, আদরের পোষ্য ‘লাকি’-কে হারিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ জুন) সকালে যখন দেশজুড়ে ভোটের ফলাফল নিয়ে চলছে হিট-গরম বিশ্লেষণ, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাঙা হৃদয় নিয়ে লিখলেন এই নায়ক।

সামাজিক মাধ্যমে লাকির সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে দেব লিখলেন, "তুমি আমার জীবনে আসা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।" সত্যিই, একটা ছবি আর কয়েকটা কথা… অথচ কত ব্যথা লুকিয়ে থাকে তাতে!

পরিবারের সূত্রে জানা যাচ্ছে, লাকি শুধু পোষ্য ছিল না, বরং ছিল পরিবারের অবিচ্ছেদ্য অংশ। শুটিংয়ের ব্যস্ততা হোক কিংবা রাজনীতির চাপ – যাই হোক না কেন, বাড়ি ফিরলেই লাকি দিত সঙ্গ। ভক্তদের সঙ্গেও নিয়মিত লাকির ছবি-ভিডিও শেয়ার করতেন দেব।

প্রসঙ্গত, ঘাটাল আসন থেকে হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় থাকা এই নায়কের ব্যক্তিগত জীবনে এই দুঃসংবাদে শোক প্রকাশ করেছেন ভক্ত ও সহশিল্পীরা। দেখা যাচ্ছে, দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকের কাছে রাজনৈতিক জয়-পরাজয়ের সমীকরণ আজ যেন ম্লান!

এই দুঃসংবাদ শুনে সাধারণ মানুষ থেকে কলকাতার বিনোদন দুনিয়ার তারকারাও সমবেদনা জানিয়েছেন। অনেকে বলছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনা অন্য সব সাফল্যের চেয়েও অনেক বড়।

শুধু অভিনেতা বা রাজনীতিক নন, দেব একজন পশুপ্রেমী হিসেবেও পরিচিত। লাকি ছাড়াও তাঁর বাড়িতে ‘হ্যাপি’ নামের আরেক পোষ্য রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই শোক কাটিয়ে উঠতে সময় নিচ্ছেন এই নায়ক-সাংসদ।