ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল এগিয়ে! মুখ থুবড়ে পড়ল ডিএমকে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল এগিয়ে! মুখ থুবড়ে পড়ল ডিএমকে?

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তুমুল চমক দিয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সর্বশেষ ফলাফল বলছে, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডিএমকে জোটকে বড় ব্যবধানে পেছনে ফেলে এককভাবে শীর্ষে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৮৭টায় এগিয়ে রয়েছে বিজয় ও তাঁর দল। দ্বিতীয় স্থানে এআইএডিএমকে জোট – তাঁরা এগিয়ে ৭৫টি আসনে। আর ক্ষমতাসীন ডিএমকে? গত বার ১৩৭টি আসনে জিতলেও এবার তাঁদের অবস্থা একেবারেই ভিন্ন। এখন পর্যন্ত মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছেন স্ট্যালিনের দল। প্রসঙ্গত, তামিলনাড়ুতে সরকার গড়তে লাগে ১১৮টি আসন – অর্থাৎ ‘হাফওয়ে মার্ক’ও পার করতে হিমশিম খাচ্ছে ডিএমকে।

সবচেয়ে মজার ব্যাপার হলো, থালাপতি বিজয় কিন্তু নয়া খেলোয়াড়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে নামার সময় তিনি সাফ জানিয়েছিলেন, এটি কোনো শখের কাজ নয়, বরং ‘জনগণের সেবার মিশন’। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার ময়দানে নেমেই তিনি রাজ্যের পুরনো রাজনৈতিক দলগুলোকে ঘাম ছুটিয়ে দিয়েছেন!

তবে এখনই চূড়ান্ত ফল আসেনি। তবে এগিয়ে থাকার পরিসংখ্যান বলছে, এই নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তামিলনাড়ুর রাজনীতিতে। চূড়ান্ত ফলে কে জিতছে, সেটা দেখার জন্য চোখ রাখতে হবে পাল্লায়।