ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মাত্র পাঁচ সপ্তাহে দশ হাজার কোটি টাকা! কোন সিনেমা করল এমন কীর্তি?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

মাত্র পাঁচ সপ্তাহে দশ হাজার কোটি টাকা! কোন সিনেমা করল এমন কীর্তি?

উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। মুক্তির মাত্র পাঁচ সপ্তাহ শেষে শুধু আমেরিকা-কানাডা থেকেই এর আয় ছাড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা! আর পুরো দুনিয়া মিলিয়ে তো আয় ১০ হাজার ৭৩০ কোটি টাকার বেশি!

হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবার পেছনে ফেলেছে কিংবদন্তি ‘ফ্রোজেন’-কেও। ‘ফ্রোজেন’ উত্তর আমেরিকায় আয় করেছিল ৪০০.৭ মিলিয়ন ডলার। আর এই ছবির আয় এখন ৪০২.৭ মিলিয়ন ডলার। ফলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড সিনেমার তালিকায় এটি এখন ১১তম স্থানে!

সবচেয়ে মজার ব্যাপার হলো, পঞ্চম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ৩১৯টি সিনেমা হল হারিয়ে ফেললেও ছবিটি আয় করেছে ১২.১ মিলিয়ন ডলার! বিশ্লেষকদের ধারণা, উত্তর আমেরিকায় শেষ পর্যন্ত আয় দাঁড়াতে পারে ৪৩০ মিলিয়ন ডলারে।

কেবল আমেরিকাতেই নয়, দাপট আন্তর্জাতিক বাজারেও। পঞ্চম সপ্তাহান্তে বৈদেশিক বাজার থেকে আয় করেছে ৩২.২ মিলিয়ন ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় এখন ৮৯৪.২ মিলিয়ন ডলার, মানে বাংলাদেশি টাকায় ১০ হাজার ৭৩০ কোটি টাকা। আগামী সপ্তাহান্তেই যে এটি ৯০০ মিলিয়ন ডলার টপকে যাবে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

এখন বক্স অফিসে প্রতিযোগিতায় আছে ‘মাইকেল’ ও ‘দ্য ডেভিল উইয়ারস প্রাডা টু’-র মতো ছবি। কিন্তু তাতেও দমছে না মারিও ব্রাদার্স। বরং বিশ্লেষকরা বলছেন, খুব দ্রুতই এটি ‘অ্যা মাইনক্রাফট মুভি’-কে টেক্কা দেবে।

‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ গত ১ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পায়। অ্যারন হরভথ, মাইকেল জেলেনিক ও পিয়েরে লেডাক পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। আর কণ্ঠ দিয়েছেন ব্রি লারসন, ভার্জিনিয়া ডেয়ার জেলেনিক ও বেনি সাফডির মতো তারকারা। ভিডিও গেম থেকে সিনেমা হয়ে দর্শক মাতানো এই ছবির সাফল্য সত্যিই অবিশ্বাস্য!