ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বালক-বালিকা দুই বিভাগেই দাপট! মিনি হ্যান্ডবলে সানিডেইলের ডাবল সাফল্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বালক-বালিকা দুই বিভাগেই দাপট! মিনি হ্যান্ডবলে সানিডেইলের ডাবল সাফল্য

ছোট্ট এই হ্যান্ডবল তারকাদের দাপট দেখে রীতিমতো থরহরিকম্প! মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে বালক ও বালিকা— উভয় বিভাগের শিরোপাই জিতে নিয়েছে সানিডেইল দল। বালকদের ফাইনালে রানার্সআপ হয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আর বালিকাদের রানার্সআপ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

গ্রুপ পর্বে কিন্তু নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কাছে হেরেছিল সানিডেইল। তবে ফাইনালে সেই ব্যর্থতা ঘুচিয়ে দিয়ে মাতিয়ে দিয়েছে তারা। প্রতিশোধ আর কি! ৫-২ গোলের বড় জয় তুলে নিয়েছে সানিডেইল। অন্যদিকে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নৌবাহিনী কলেজকে ৫-১ গোলে হারিয়েছে মতিঝিল মডেল স্কুল। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলায় বালকদের সেরা খেলোয়াড় হয়েছে সানিডেইলের মো. আদিয়ান শামস।

বালিকাদের বিভাগেও কিন্তু সানিডেইলের জয়যাত্রা। দারুণ ছন্দে থাকা দলটি ফাইনালে ভিকারুননিসা নূন স্কুলকে ৫-৩ গোলে হারিয়েছে। বালিকাদের তৃতীয় স্থানের ম্যাচে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে ১-০ গোলে হারিয়েছে শেরে বাংলা স্কুল। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘরে তুলেছে সানিডেইলের ওয়ালিয়া হোসেন।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।