এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

আইপিএলের ময়দানে আরও একবার ঝড় তুললেন সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্সের এই কারিশম্যাটিক স্পিনার হয়ে গেলেন প্রথম বিদেশি ক্রিকেটার, যিনি আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন! এই কীর্তি তিনি গড়েছেন গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে।
প্যাট কামিন্সের দলের বিপক্ষে মাত্র ৩১ রানে ২ উইকেট তুলে নেন নারিন। আর এতেই পৌঁছে যান অনন্য এক রেকর্ডের ঠিকানায়। তিনি এখন আইপিএলের ইতিহাসে তৃতীয় বোলার, যিনি ২০০ উইকেট পেয়েছেন।
তো এই তালিকার সিংহাসন কার? শীর্ষে আছেন যুবেন্দ্র চাহাল। এই লেগ স্পিনার ১৮২ ম্যাচে নিয়েছেন ২২৮ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার, যিনি ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট শিকার করেছেন। আর নারিন এখন তৃতীয়। মাত্র ১৯৭ ম্যাচেই তাঁর দখলে ২০১ উইকেট!
চতুর্থ স্থানে পিযুষ চাওলা— নামী এই স্পিনারের ১৯২ ম্যাচে ১৯২ উইকেট। আর পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন, যিনি ২২১ ম্যাচে পেয়েছেন ১৮৭ উইকেট। মানে দাঁড়াচ্ছে, আইপিএলের সেরা পাঁচ বোলারের মধ্যে মাত্র একজন বিদেশি— আর সেটা হলেন সুনীল নারিন।
নারিন কিন্তু ২০১২ সাল থেকে খেলছেন আইপিএল। আর শুরু থেকে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সেই। অর্থাৎ তিনি আইপিএলে ২০১টি উইকেটের প্রতিটিই নিয়েছেন শাহরুখ খানের এই দলের হয়ে। যা সত্যিই অসাধারণ এক নিষ্ঠার উদাহরণ!