ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

 চমক! ফল ঘোষণার আগেই মমতার ‘অনৈতিক জয়’ অভিযোগ, ভাঙলেন কেন্দ্রেও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

 চমক! ফল ঘোষণার আগেই মমতার ‘অনৈতিক জয়’ অভিযোগ, ভাঙলেন কেন্দ্রেও

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ভূমিধস জয় মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ‘অনৈতিক’ ও ‘দানবিক পার্টি’ বলে আক্রমণ করলেন তিনি। একইসঙ্গে উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে ফল এল, তাতে তৃণমূলের আশা শেষ। বিজেপি পেল ২০৬ আসন, আর তৃণমূলের জোট অনেক আসনেই পিছিয়ে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরেই হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল ভোট হয়েছিল রাজ্যে। সোমবার ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু ফল আসার আগেই শুরু হয় নাটক।

কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে দুপুরে পৌঁছে যান মমতা। কিছুক্ষণ পর সেখানে হাজির হন শুভেন্দু অধিকারীও। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দু’জনই গণনা দেখেন। কিন্তু সন্ধ্যায় ফল ঘোষণার আগেই হঠাৎ কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তৃণমূলনেত্রী।

বাইরে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুরো ব্যাপার একতরফা। ধাক্কা দেওয়া হয়েছে, মারাও হয়েছে—সেটাও সিআরপিএফ-এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা দানবিক পার্টি। ১০০টার উপরে সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন আর কিছু নয়—এটা বিজেপি কমিশন।”

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি করেন মমতা। এরপর তিনি সরাসরি বলেন, “এটা কী ধরনের জয়! এটা ইমমোরাল ভিক্ট্রি (অনৈতিক জয়)। মোরাল ভিক্ট্রি (নৈতিক জয়) নয়। পুরোটাই বেআইনি। জোর করে জিতেছে। লুট, লুট, লুট। আমরা ঘুরে দাঁড়াবই।”

এই প্রতিক্রিয়া জানিয়ে কালীঘাটের বাড়িতে চলে যান মমতা।

এদিকে টানা ১৫ বছর রাজ্য শাসন করা তৃণমূলের নেতা-কর্মীরা ভীষণ হতাশ। তারই মধ্যে আজ মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন বলে শোনা যাচ্ছে।