ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ ফুটবল কোচের আবেগঘন বিদায়! চোখে জল আনলেন যে পোস্ট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বাংলাদেশ ফুটবল কোচের আবেগঘন বিদায়! চোখে জল আনলেন যে পোস্ট

বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বললেন, ‘অবিস্মরণীয় স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত ছিল সার্থক’

ঢাকা: বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। প্রায় চার বছর দায়িত্বে থাকার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি। এর আগেও নানা মহল থেকে তার বিদায়ের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ শেষেই তাকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশ অধ্যায় শেষে ক্যাবরেরা এখন লিখেছেন এক আবেগঘন পোস্ট।

২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশের দায়িত্ব নেন ক্যাবরেরা। এই ৪১ বছর বয়সী কোচের অধীনে ৩৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ও ড্র—দুটোই ১০টি করে, আর হার ১৯টিতে। ১০ জয়ের মধ্যে সবচেয়ে বেশি তিনটি করে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে, কম্বোডিয়ার বিপক্ষে দুটি, আর সেশেলস ও ভারতের বিপক্ষে একটি করে জয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর স্প্যানিশ এই কোচ সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নিলেন।

তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রধান কোচ। তার হাত ধরেই ১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। আরও বড় কথা, দুই দশকেরও বেশি সময় পর ভারতকে হারানোর মতো কীর্তিও রয়েছে তাদের। এই সাফল্যে গর্বিত স্প্যানিশ কোচ।

ক্যাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হলো। চার বছর চার মাস পর—যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদ—আমি এমন অবিস্মরণীয় স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত ছিল সার্থক।’

তিনি আরও লেখেন, ‘মাঠে আর মাঠের বাইরে আমরা অনেক লম্বা পথ পেরিয়েছি। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে গ্যালারি ভর্তি দর্শকের সামনে অবিস্মরণীয় রাত—এমন সব মুহূর্ত তৈরি হয়েছে, যেগুলো চিরকাল বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ থাকবে।’

লম্বা পোস্টে তিনি বলেন, ‘একসঙ্গে আমরা গড়ে তুলেছি এক শক্ত প্রতিযোগিতামূলক মানসিকতা, যার মাধ্যমে আমরা এশিয়ার বড় দলগুলোর বিপক্ষেও নিয়মিত লড়াই করেছি। ১৪ বছর পর সাফ সেমিফাইনাল, ২২ বছরে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফার সেরা র‌্যাংকিং—এই বড় মাইলফলকগুলো আমরা ছুঁয়েছি।’

ক্যাবরেরার দাবি, তার আমলেই বাংলাদেশ ফুটবলের শক্ত ভিত তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ বানিয়ে দিয়েছি, সেটা ভাবলে আমি গর্বিত। এই সময়ের মধ্যে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়কে অভিষেক করিয়েছি। তারাই এখন এশিয়ার অন্যতম তরুণ দল হিসেবে ভবিষ্যতের মজবুত ভিত গড়ছে।’