ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শেষ হলো ইরানে যুদ্ধ! বড় ঘোষণা মার্কিন মন্ত্রী রুবিওর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

শেষ হলো ইরানে যুদ্ধ! বড় ঘোষণা মার্কিন মন্ত্রী রুবিওর

যুক্তরাষ্ট্র ইরানে যে সামরিক অভিযান শুরু করেছিল, তা শেষ হয়েছে। নিজেই এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও জানান, “ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। আমরা এই অভিযান যেই লক্ষ্যে শুরু করেছিলাম, তা পূরণ হয়েছে।”

তবে ইরানে আর কোনও নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। রুবিও বলেন, “আমরা নতুন কোনও পরিস্থিতি তৈরি করতে চাইছি না। আমরা শান্তির পথে হাঁটতে চাই। আমাদের প্রেসিডেন্ট একটি চুক্তি চান। তিনি আলোচনার মাধ্যমে একটি সমঝোতা স্মারক তৈরি করতে চান, যাতে ভবিষ্যতের আলোচনার জন্য জরুরি সব বিষয় থাকে। তিনি চান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হোক—যাতে বিশ্ব ফের আগের জায়গায় ফিরতে পারে।”

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দুই যুগ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছে। ২০২৫ সালের জুনে এই ইস্যুতে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে সমঝোতার জন্য গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক হয় দুই পক্ষের প্রতিনিধিদলের মধ্যে। কিন্তু ২১ দিনের দফায় দফায় আলোচনার পরও কোনও চুক্তি হয়নি। তার পরের দিনই ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র।

এই যুদ্ধে ইতিমধ্যেই নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, আইআরজিসি-র শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এছাড়া ইরানের বহু সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা ৩ হাজারের বেশি।

অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিতে ছাড়েনি। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ৬ দেশে—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে ইরান।

টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই বিরতি এখনও বহাল রয়েছে।