ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শত্রুতা ভুলে! আরব সাগরে ভারতীয় নাবিকদের উদ্ধারে পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

শত্রুতা ভুলে! আরব সাগরে ভারতীয় নাবিকদের উদ্ধারে পাকিস্তান

আরব সাগরে গুরুতর যান্ত্রিক সমস্যায় আটকে পড়া ভারতীয় জাহাজের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। এমন তথ্যই জানা যাচ্ছে মঙ্গলবার সামরিক বাহিনীর বিবৃতি থেকে, যা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

জাহাজটির নাম ‘এমভি গৌতম’। ক্রু বা নাবিক রয়েছেন মোট ৬ জন—৫ জন ভারতীয় ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

কয়েক দিন আগে ওমানের বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। কিন্তু পথিমধ্যে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে সমুদ্রেই আটকা পড়ে তারা। এর মধ্যে খাবার, ওষুধ এবং অন্যান্য জরুরি রসদ প্রায় শেষের দিকে। তখনই সাহায্যের জন্য এসওএস (জরুরি সহায়তা) বার্তা পাঠায় জাহাজের নাবিকেরা।

বার্তা পায় ভারতের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা—মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি)-এর মুম্বাই শাখা। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পাকিস্তান সরকারের কাছে সহযোগিতা চায় ভারত। আর সেই অনুরোধেই এগিয়ে আসে পাকিস্তানের নৌবাহিনী। তারা আরব সাগরে নিজেদের জাহাজ ‘পিএমএসএস কাশ্মির’ পাঠায়।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ‘এমভি গৌতম’-এর নাবিকদের খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজের নিরাপত্তাও নিশ্চিত করেছে তাদের নৌবাহিনী। এ অভিযানে ‘পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি’ (পিএমএসএ)-ও সহযোগিতা করে।

আরব সাগরে আটকে পড়া এই জাহাজে সাহায্যের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে কাতারের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক ‘দ্য গালফ টাইমস’।

উল্লেখ্য, গত মাসেও আরব সাগরে আটকা পড়া একটি জাহাজের ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল পাকিস্তান। সেই নাবিকদের মধ্যে ছিলেন চীন, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকেরা।