এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। মোট ২৩৪টি আসনের মধ্যে তারা একাই পেয়েছে ১০৮টি। কিন্তু সরকার গঠনের জন্য দরকার ১১৮টি আসন। অর্থাৎ দরকার আরও ১০টি আসনের সমর্থন।
এই অবস্থায় রাহুল গান্ধীর কংগ্রেসসহ কয়েকটি দলের দ্বারস্থ হয়েছে থালাপতির দল। তবে কংগ্রেস তাদের সমর্থনের বিনিময়ে একটা কঠিন শর্ত দিয়েছে।
সংবাদমাধ্যম দ্য হিন্দু বুধবার (৬ মে) জানিয়েছে, কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিয়েছে— থালাপতি বিজয় যদি তাদের সমর্থন চান, তাহলে তাকে বিজেপি এবং বিজেপি সমর্থিত কোনো দলের সঙ্গে কোনো ধরনের জোট করতে পারবেন না।
অপর দিকে এনডিটিভি জানিয়েছে, থালাপতি বিজয়ের দলের কর্তারা ইতিমধ্যেই এআইএডিএমকে-র বস ইদাপ্পাদি কে পালানিস্বামীর বাড়িতে গিয়ে দেখা করেছেন। আর এই দলটি আগে বিজেপির মিত্র ছিল। শুধু এই ঘটনাতেই কংগ্রেস কঠোর অবস্থানে চলে গেছে। তাদের বার্তা স্পষ্ট— বিজেপি বা তাদের সঙ্গী কাউকে সঙ্গে আনলে টিভিকে-কে সমর্থন করবে না কংগ্রেস।
এখন হিসাবটা দাঁড়াচ্ছে এমন— তামিলনাড়ুতে কংগ্রেস পেয়েছে ৫টি আসন। টিভিকে-র সঙ্গে কংগ্রেস মিললে আসন হবে ২১৩টি। কিন্তু থালাপতি বিজয় দুটিতে নির্বাচন করায় তাকে একটা আসন ছেড়ে দিতে হবে। তাহলে টিভিকে-র আসন দাঁড়াবে ১০৭-এ। কংগ্রেসের ৫ আসন যোগ করলে মোট দাঁড়ায় ১১২টি। অথচ সরকার গঠনের দরকার ১১৮টি আসন। অর্থাৎ আরও ৬ জন বিধায়কের সমর্থন লাগবে।
এই অবস্থায় থালাপতির দল ভিসিকে, সিপিআই ও সিপিএম-এর সঙ্গেও যোগাযোগ করছে। এই দলগুলি সমর্থন দিলেই কেবল সম্ভব হবে টিভিকে-র সরকার গঠন। এখন দেখার, কারা আসে বিজয়ের পাশে!