ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

 রাতের আঁধারে বুলডোজার! কলকাতার নিউমার্কেটে মাংসের দোকানে হামলা বিজেপির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

 রাতের আঁধারে বুলডোজার! কলকাতার নিউমার্কেটে মাংসের দোকানে হামলা বিজেপির

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যে সহিংসতা থামছেই না। বারবার উঠছে ভাঙচুর, হামলা, এমনকি খুনের খবর। এবার সরাসরি কলকাতার ঐতিহ্যবাহী বাজার নিউমার্কেটে হামলা চালালেন বিজেপির কর্মী-সমর্থকরা। আর এবার লক্ষ্য ছিল মাংসের দোকান!

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে নিউমার্কেটের ঐতিহাসিক হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে হাজির হন বিজেপির একদল উগ্র কর্মী। তারা সেখানে অবস্থিত তৃণমূল কংগ্রেসের অফিসটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। আর সেই সময় পাশের মাংসের দোকানগুলোতেও হামলা চালানো হয়।

হঠাৎ বুলডোজার দেখে আতঙ্কে কাঁপেন ওই ব্যস্ত বাজারের ব্যবসায়ীরা। অনেকে তাড়াতাড়ি নিজেদের দোকানের সাটার নামিয়ে দেন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট। বাঙালিরা পরিবর্তনের মাঝে আনন্দ করছেন।” তার ভাষায়, বিজেপি যেন বুঝতে পারেনি, বাংলার মানুষ শান্তি চায়, অরাজকতা নয়।

আরেক তৃণমূল নেত্রী ডেরেক ও ব্রায়েন এক্সে আরও বিস্তারিত লিখেছেন, “মধ্য কলকাতায়, নিউমার্কেটের কাছে পুলিশের অনুমতি নিয়েই বিজয় উল্লাসের অজুহাতে বুলডোজার আনা হয় মাংসের দোকান ভাঙতে। আর কেন্দ্রীয় বাহিনী চেয়ে চেয়ে দেখেছে। বিজেপিকে বলছি, বিশ্বকে এ চিত্র দেখাতে দ্বিধা করবেন না।”