এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

তামিলনাড়ুর সিংহাসন পেতে জোটের প্রচেষ্টা জোরদার করেছেন অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি। কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এবার আরেক দলের কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চাইলেন তিনি।
এনডিটিভির খবর অনুযায়ী, বিজয় এবার বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে)-র মুখা থোল থিরুমাভালানের কাছে সমর্থন চেয়েছেন। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ওই দলটি। ভিসিকে নেতারা জানিয়েছেন, তারা বিষয়টি এখনো ভাবছে।
এর আগে বিজয় ডিএমকে জোটের কংগ্রেস, সিপিআই ও সিপিএমের কাছেও সমর্থন চেয়েছিলেন। ইতিমধ্যেই কংগ্রেস জানিয়ে দিয়েছে, বিজয় সরকার গঠন করলে তারা সমর্থন দেবে। এখন ভিসিকে, সিপিআই ও সিপিএম সমর্থন দিলে টিভিকে পাবে মোট ১১৯ বিধায়কের সমর্থন। আর এটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়েও এক আসন বেশি!
প্রসঙ্গত, গত মাসে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে টিভিকে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। ২৩৪ আসনের মধ্যে ১০৮টি পায় বিজয়ের দল। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১১৮ আসন। ডিএমকে পেয়েছে ৫৯টি, এআইএডিএমকে ৪৭টি আসন। অন্যদিকে সম্ভাব্য জোটসঙ্গী দলগুলোর মধ্যে কংগ্রেস পেয়েছে ৫টি আসন, ভিসিকে ২টি, সিপিআই ২টি ও সিপিএম ২টি আসন।
এবার কৌশলগত দিকটাও চমকপ্রদ। বিজয় তিরুচি পূর্ব ও পেরাম্বুর—দুটি আসন থেকে জিতেছেন। তিনি তিরুচি পূর্ব আসন ছেড়ে দেবেন বলে শোনা যাচ্ছে। তাহলে সেখানে হবে উপনির্বাচন। তামিলনাড়ুর সরকার গঠনের সমীকরণ এখনো পুরোপুরি মেলেনি। তবে বিজয়ের জোটের প্রচেষ্টা রাজ্যের রাজনীতিতে যে নতুন মোড় এনেছে, সেটা নিশ্চিত করে বলা যায়।