ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

কোচ হিসেবে ‘সেরা পছন্দ’ সরফরাজ, দারুণ মন্তব্য শাহিন আফ্রিদির!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

কোচ হিসেবে ‘সেরা পছন্দ’ সরফরাজ, দারুণ মন্তব্য শাহিন আফ্রিদির!

পাকিস্তান দলের হেড কোচ হিসেবে সরফরাজ আহমেদের নাম জানান দিয়েই আলোচনা শুরু হয়ে গিয়েছিল। এবার সেই সরফরাজের প্রশংসায় পঞ্চমুখ পাক তারকা শাহিন আফ্রিদি। বললেন, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য কোচ হিসেবে সরফরাজই সেরা পছন্দ।

জানা যায়, খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে নাম লেখান সরফরাজ। তার আগে তিনি ছিলেন নির্বাচক। আর এখন পাকিস্তানের প্রধান কোচ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন। আর তার শিষ্যরা নামতে প্রস্তুত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে।

আজ বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে শাহিন আফ্রিদি বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য কোচ হিসেবে তিনিই (সরফরাজ আহমেদ) সেরা পছন্দ। সরফরাজ ভাই এখন আমাদের হেড কোচ। তিনি আমাদের সঙ্গে খেলেছেন, এমনকি আমাদের অনেকের অভিষেক ম্যাচেও তিনি অধিনায়ক ছিলেন। সেই স্মৃতিগুলো এখনও মনে আছে। তিনি খুব ভালো করেই জানেন কোন খেলোয়াড়কে কোন কন্ডিশনে কীভাবে ব্যবহার করতে হবে।’

শুধু সরফরাজ নয়, দেশি কোচ হিসেবে দলে রয়েছেন উমর গুলও। এ কারণে দলের পরিকল্পনা নিয়ে কথা বলাটা অনেক সহজ হয়েছে বলেও জানান আফ্রিদি। তাঁর ভাষ্য, ‘আমার মনে হয় এতে (দেশীয় কোচ থাকায়) কথা বলা অনেক সহজ হয়েছে। আপনি খুব সহজেই বুঝতে পারছেন দলের পরিকল্পনা কী। এটি যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে।’

অতীতের কোচদের প্রসঙ্গে আফ্রিদি জানান, ‘তারা (জেসন গিলেস্পি ও মাইক হেসন) সবাই নিজ নিজ দেশের হয়ে বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড় ছিলেন। তারা পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন, আমরা তাদের সম্মান করি। তবে কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না।’

বাংলাদেশ সিরিজ দিয়ে কোচ হিসেবে সরফরাজের যাত্রা শুরু। আর তারই প্রশংসায় শাহিন আফ্রিদির এমন মন্তব্য চা-স্টল থেকে শুরু করে ক্রিকেটপাড়ায় দারুণ আলোচনা ফেলেছে। এখন দেখার বিষয়, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে সরফরাজের পরিকল্পনা কতটা কাজ দেয় মাঠে।