এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘ বিরতি শেষে আবার লাল বলের ক্রিকেটে ফিরছে। চলতি বছরের প্রথম টেস্ট সিরিজেই প্রতিপক্ষ পাকিস্তান। আর মাঠে নামার আগেই বড় ঘোষণা দিয়ে বসলেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলছেন, ‘নতুন ইতিহাস গড়তে চাই’।
আজ বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সেটাতে আটকে থাকতে নারাজ তিনি। সিমন্স বলেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাটা অতীত। সেটা গত হয়ে গেছে। আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই।’
তরুণ পেসার নাহিদ রানা প্রসঙ্গে সিমন্সের মুখে বড় প্রশংসা। তার ভাষায়, ‘নাহিদ রানার সবচেয়ে ভালো ব্যাপার হলো তার বোঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং তার কী কাজ।’
আগামী টেস্টটি হবে দেশের হয়ে মুশফিকুর রহিমের শততম ম্যাচ। এই প্রসঙ্গে সিমন্স বলেন, ‘মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি, তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি ১ নম্বর টেস্ট হোক, ৫০তম হোক বা ১০০তম—সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয়, সেভাবেই চালিয়ে যাবে। তার ১০১তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতো গুরুত্ব দিয়ে দেখবে।’
সাদা বল থেকে লাল বলে স্যুইচ করা নিয়ে এক প্রশ্নের জবাবে সিমন্স জানান, ‘টেস্ট ক্রিকেট মূলত একটা মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে।’
২০১২ সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। সেবার ইতিহাস গড়েছিল মুশফিক বাহিনী। এবার সেই অধ্যায় পেছনে ফেলে নতুন কিছু করতে চান সিমন্স। কাজেই ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন শুধু মাঠের লড়াইয়ের।