এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

আইপিএলের চিরচেনা নিয়ম ভাঙল বিসিসিআই। শুনলে অবাক হবেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠে হওয়ার কথা ফাইনাল। কিন্তু গতবার যেমন হয়নি, এবারও হচ্ছে না। গত বছর ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। কিন্তু এবারের ফাইনাল হবে অহমেদাবাদে।
আগের মরসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল কলকাতা। কিন্তু ফাইনাল ইডেন গার্ডেন্সের বদলে হয় অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবারও একই গল্প। আয়োজনের অক্ষমতার কথা বলে চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ফাইনাল তুলে দেওয়া হয়েছে অহমেদাবাদে। এই নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনাল আয়োজন করতে যাচ্ছে অহমেদাবাদ।
আজ বুধবার প্লে-অফের চারটি ম্যাচের সূচি ঘোষণা করে বিসিসিআই। বেঙ্গালুরু কিন্তু কোনো ম্যাচই পায়নি। জানেন কি, সাধারণত ফাইনালের পাশাপাশি একটা ম্যাচ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার সেই নিয়মও মানা হয়নি। কারণ কী? বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে ফাইনাল আয়োজনের জন্য স্থানীয় ক্রিকেট সংস্থা ও কর্তৃপক্ষ সঠিক সময়ে সব ব্যবস্থা করতে পারেনি। তাই প্লে-অফের ম্যাচ অন্যজায়গায় সরানো হয়েছে।
এ ছাড়াও পরিচালনাগত ও যাতায়াতের সমস্যার কারণে মাত্র তিনটি মাঠে রাখা হয়েছে প্লে-অফ।
এবার সূচিটা দেখে নিন—
প্রথম কোয়ালিফায়ার: ২৬ মে, ধর্মশালা (হিমাচল প্রদেশ)
এলিমিনেটর: ২৭ মে, মুল্লানপুর
দ্বিতীয় কোয়ালিফায়ার: ২৯ মে, মুল্লানপুর
ফাইনাল: ৩১ মে, অহমেদাবাদ
দেখা যাক, রীতি ভেঙে যাওয়া এবারের আইপিএলে ফাইনালের আয়োজন কোন দলের ভাগ্যে জোটে আর কে ঘরে তোলে ট্রফি!