ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিজেপির ‘ষড়যন্ত্রে’ সরকার গঠনে বাধা? চতুর্থবারের মতো ফিরলেন তামিল স্টার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বিজেপির ‘ষড়যন্ত্রে’ সরকার গঠনে বাধা? চতুর্থবারের মতো ফিরলেন তামিল স্টার

তামিলনাড়ুর ভোটের ফলাফল যেন জটিলতার জালে জড়িয়ে গেছে। একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়। তাঁর দল টিভিকে এবার পেয়েছে ১০৮ আসন। কিন্তু সরকার গঠনের জন্য লাগে ১১৮ আসন।

পালটি দিয়ে কংগ্রেস সমর্থন জানালে বিজয়ের দলের ঝুড়িতে আসে আরও ৫ আসন। অর্থাৎ মোট আসন দাঁড়ায় ১১৩-এ। কিন্তু বিজয় নিজে জিতেছেন দুটি আসন থেকে, তাই একটা আসন ছেড়ে দিতে হবে। এতে আসন কমে দাঁড়ায় ১১২। তার মানে সরকার গঠনে টিভিকের এখনও দরকার আরও ৬ আসন।

এমন সময় আজ বৃহস্পতিবার (৭ মে) দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান থালাপতি বিজয়। কিন্তু যেহেতু এখনও ১১৮ জনের সমর্থন জোগাড় করতে পারেননি, তাই তাঁকে ফের ফিরিয়ে দেওয়া হলো। এর আগে গতকালও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে।

এবার অবশ্য ঘটনা ঘুরে দাঁড়িয়েছে ভিন্নমুখে। তামিলনাড়ুর আরেক দল ভিসিকের প্রধান থোল. থ্রিরুমাভালাভান সরাসরি অভিযোগ এনে বসেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাদের দল বিজেপি তামিলনাড়ুর রাজনীতিতে হস্তক্ষেপ করছে। আর সেই হস্তক্ষেপের কারণেই রাজ্যপাল বিজয়কে সরকার গঠন করতে দিতে নাকি রাজি নন।

থ্রিরুমাভালাভান জানিয়েছেন, বিজয়ের দল থেকে সরকারে যোগ দেওয়ার চিঠি তারা পেয়েছেন। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। তিনি আরও বলেন, “এখন বিজয়কে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। তিনি পরে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। কিন্তু রাজ্যপাল বিজেপির চাপে সেটাই করতে দিতে চান না।”

রাজনীতিবিদের অভিযোগ, “বিজেপি, মোদি ও অমিত শাহ তামিলনাড়ুর রাজনীতিতে নানাভাবে হস্তক্ষেপ করে সবাইকে কনফিউশনে ফেলে দিচ্ছে। বিজয়ের টিভিকেকে একক দল হিসেবে বেছে নিয়েছে সাধারণ মানুষ, তাই তাদের ক্ষমতায় আসতে বাধা দেওয়া ঠিক নয়।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “সংবিধান বলে সর্বোচ্চ আসন পাওয়া দল সরকার গঠন করবে। বিজয় যখন সমর্থন চাইছেন, ঠিক তখন কেন রাজ্যপাল কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না? তিনি টিভিকেকে কারা সমর্থন করছে সেই তালিকাও চাইতে পারেন না। উনি বলতে পারেন না, ‘১১৮ জনকে আমার সামনে হাজির করুন, তারপর শপথ নিতে আসুন’।”

তবে এখন দেখার বিষয়, ভিসিকের মতো আরও কেউ কি বিজয়ের হাত ধরে, নাকি ফের ফিরতে হবে খালি হাতে?