এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম
ফের রক্তে ভাসছে গাজা। ইসরায়েলি বিমান হামলায় সরাসরি লক্ষ্যবস্তু হয়েছেন হামাসের শীর্ষ নেতা খালিল আল-হাইয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আজ্জাম আল-হাইয়া। আর এই হামলায় প্রাণ গেল কমপক্ষে পাঁচজনের।
বৃহস্পতিবার (৭ মে) এই তথ্য জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে চালানো এক হামলায় আহত হন আজ্জাম আল-হাইয়া। একই ঘটনায় মৃত্যু হয় আরও একজনের। আর তার আগের দিন আলাদা হামলায় প্রাণ হারান চার ফিলিস্তিনি। তাদের মধ্যে গাজার পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।
সবচেয়ে রক্তাক্ত হামলাটি ঘটে দক্ষিণ গাজার খান ইউনিসে। সেখানে নিহত হন মাদকবিরোধী ইউনিটের প্রধান নাসিম আল-কাজানি। একই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৭ জন।
নিজের ছেলে হামলায় আহত হওয়ার পর সরব হয়েছেন হামাস নেতা খালিল আল-হাইয়া। তিনি বলেন, ‘এটা আমাদের জনগণের ওপর আগ্রাসনেরই অংশ। তারা জবরদস্তি, হত্যা আর সন্ত্রাসের মাধ্যমে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য খুব স্পষ্ট। শিশু হত্যা করে বা নেতাদের শহীদ করে আমাদের ভয় দেখানো যাবে না।’
এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন খালিল আল-হাইয়ার সহকারী তাহের আল-নোনো। তিনি বলেন, ‘আজ্জাম আল-হাইয়াকে টার্গেট করে হামলা চালানো নৈতিক ও মানবিক দিক থেকে সম্পূর্ণ পতনের লক্ষণ।’ তিনি আরও সাফ বলেন, ‘এই হত্যাকাণ্ড সত্ত্বেও আমাদের নেতারা তাদের জনগণের অধিকার রক্ষায় অটল থাকবেন।’
উল্লেখ্য, গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস একটি শান্তি প্রস্তাবে রাজি হয়েছিল। কিন্তু তারপর বারবার শান্তিচুক্তি ভেঙেছে ইসরায়েল। তাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৮৩০ জন ফিলিস্তিনি।
দীর্ঘ এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গিয়েছে প্রায় ৭২ হাজার ৫০০ ফিলিস্তিনির।