এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলে ফের নাটকীয় ঘটনা। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে আচমকা অচল করে দিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কী কারণে এই পদক্ষেপ? জানা গেছে, ইরানি বন্দরের ওপর মার্কিন নৌ অবরোধ ভেঙে ফেলার চেষ্টা করছিল জাহাজটি।
বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ‘এমটি হাসনা’ নামের জাহাজটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি থামেনি। বরং অবরোধের নির্দেশনা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে।
সেখানেই কঠোর পদক্ষেপ নেয় মার্কিন নৌবাহিনী। তাদের একটি যুদ্ধবিমান জাহাজটির রাডারকে লক্ষ্য করে গুলি চালায়। সরাসরি আঘাতে জাহাজটির নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যত অকেজো হয়ে যায়। এরপর আর সামনে এগোতে পারেনি জাহাজটি।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরে আসা-যাওয়া করা জাহাজের ওপর নৌ-অবরোধ এখনো পুরোদমে কার্যকর আছে।
এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই কৌশলগত জলপথের পরিস্থিতি ‘অনেকটাই নিয়ন্ত্রণে’। এমনকি বলেছেন, মার্কিন বাহিনী এখানে ‘ইস্পাতের দেয়াল’ তৈরি করে ফেলেছে।
প্রসঙ্গত, গত ৩ মে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এক নৌ অভিযান ঘোষণা করেছিলেন। উদ্দেশ্য ছিল, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। কিন্তু পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়ার পর মাত্র দুদিনের মাথায় সেই অভিযান স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র।
এরপর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা দাবি করে, ‘আগ্রাসী শক্তির হুমকি’ সরে যাওয়ার কারণেই হরমুজ প্রণালিতে শান্তিপূর্ণ নৌ চলাচল আবার সম্ভব হয়েছে।