ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

টেস্টে তামিমের প্রথম ডাক, কী চাইলেন অধিনায়ক শান্ত? চমক ফিরলো টাইগার শিবিরে!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

টেস্টে তামিমের প্রথম ডাক, কী চাইলেন অধিনায়ক শান্ত? চমক ফিরলো টাইগার শিবিরে!

কথায় আছে, দেরিতে হলেও ঠিকই আসে। জাতীয় দলে তিন বছর ধরে ঝড় তুলছেন তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে তাঁর কোনো জুড়ি নেই। আর এবার লাল বলের ক্রিকেটেও পা রাখতে যাচ্ছেন এই তারকা ওপেনার। হ্যাঁ, ঠিকই শুনছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তামিম।

এই প্রথম টেস্টে তিনি খেলবেন তো? নাকি বসে থাকতে হবে? ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সরাসরি কিছু না বলে জানিয়ে দিলেন, তামিমের কাছে তাঁর প্রত্যাশাটা কী।

শান্ত বললেন, ‘তানজিদ তামিমকে নিয়ে অনেক দিন ধরেই আমরা কথা বলছিলাম। নতুন নির্বাচকরা তাকে দলে নিয়ে দারুণ কাজ করেছে। তামিমের মতো ব্যাটার টেস্ট দলে বড় প্রভাব ফেলতে পারে। আমি শুধু চাই, সে যেন তার সহজাত ব্যাটিংটাই খেলে। প্রথম ইনিংসে বড় রান করাটা খুব জরুরি।’

অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। তাঁকে নিয়েও কথা বলেছেন অধিনায়ক। শান্ত বললেন, ‘তাসকিন সব সময় টেস্ট খেলতে চায়। কিন্তু কাজের চাপ ও ইনজুরির কারণে তাকে সব সময় দলে রাখা যায় না। ও থাকলে আমার ও দলের কাজ অনেক সহজ হয়ে যায়।’

এই বছর এটি টাইগারদের প্রথম টেস্ট। তবে গত বছর ভালো টেস্ট খেলার স্মৃতি এখনও ভোলেননি শান্ত। তিনি বললেন, ‘শেষ সিরিজে আমরা দারুণ ক্রিকেট খেলেছিলাম। সেটা অবশ্য অতীত। তবে হ্যাঁ, ওই সিরিজটা আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস দেবে।’

শেষ পর্যন্ত মিরপুরের উইকেট প্রসঙ্গে শান্ত জানালেন, ‘মিরপুরে আগে ভালো উইকেটে খেললে ব্যাটারদের গড় ও স্ট্রাইক রেট ভালো হতো। তবে সাম্প্রতিক সময়ে মিরপুরের পিচ অনেক ভালো আচরণ করছে।’