ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শীর্ষ পাঁচে যেতে চান শান্ত! টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় স্বপ্ন টাইগারদের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

শীর্ষ পাঁচে যেতে চান শান্ত! টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় স্বপ্ন টাইগারদের

সাদা বলের ক্রিকেটে বেশ কয়েকটা সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। এবার লাল বলের পালা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পা রাখতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। আর এই চক্রেই বড় স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক। তিনি জানিয়ে দিলেন, শীর্ষ পাঁচে থাকতে চান তারা।

বৃহস্পতিবার মিরপুরে সিরিজের প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। গত দুই বছর আমরা ভালো খেলেছি। সেবার শেষ করেছিলাম সাত নম্বরে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যা আগে হয়নি। সেটা ভালো অর্জন। এবার লক্ষ্য আরও ভালো কিছু করা। চার বা পাঁচ নম্বরে থাকতে পারলে দারুণ লাগবে।’

তবে কাজটা সহজ নয়, সেটা নিজেও মানছেন শান্ত। তাঁর ভাষায়, ‘চ্যালেঞ্জ কিন্তু কম নয়। সামনে বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে, যেগুলো আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ হবে। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সফর আছে। তাই ঘরের মাঠের সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি বুঝে উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করব। দল এখন বেশ ভারসাম্যপূর্ণ।’

শান্ত আরও জানান, ‘পেস বোলাররা অবশ্যই আমাদের সাহায্য করবে। ওদের স্কিলের দারুণ উন্নতি হয়েছে। এখন যেকোনো কন্ডিশনেই ভালো বল করতে পারে। বিশেষ করে সাদা বলে। অধিনায়ক হিসেবে চাইব ঘরের মাঠের ম্যাচ জিততে। আর ব্যাটার হিসেবে চাই প্রথম ইনিংসে বড় রান করতে। এই চ্যালেঞ্জ ঠিকভাবে নিতে পারলে পুরো চক্রটাই ভালো যাবে।’