এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আর ম্যাচের আগে বড় কথা বলে দিলেন অতিথি অধিনায়ক শান মাসুদ। তাঁর মতে, মিরপুরের উইকেট পাকিস্তানের ঘরের মাঠের মতোই হবে। আশ্চর্য হলেও সত্যি, মাসুদ এতে দারুণ আত্মবিশ্বাসীও।
প্রথম টেস্টের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শান মাসুদ জানান, ‘পিচে ঘাস আছে মনে হচ্ছে। কাল সকালে পরিষ্কার বুঝতে পারব। গত আড়াই বছরে আমরা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় খেলেছি। বাংলাদেশ আর পাকিস্তানের উইকেট প্রায় একই রকম হয়। পেস হোক আর স্পিন, আমাদের দল সব কিছুর জন্য প্রস্তুত।’
মাসুদ বাংলাদেশের পেস বোলিং নিয়েও কথা বলেছেন। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের পেস আক্রমণ সত্যিই মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। বাঁহাতি-ডানহাতি মিলিয়ে দারুণ স্কিল আছে। এটা সম্ভবত আমার দেখা বাংলাদেশের সেরা পেস আক্রমণ।’ তবে কে এগিয়ে—বাংলাদেশ না পাকিস্তান? মাসুদ সোজা বলেছেন, ‘আমরা তুলনা করতে চাই না। ওদের কোয়ালিটি আছে, আমাদেরও আছে।’
অনেক দিন পর টেস্ট খেলছে পাকিস্তান। তাই পেসারদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। জবাবে মাসুদ বলেন, ‘আমরা এতে অভ্যস্ত। দুই দলই অনেক দিন পর খেলছে। এই তো মডার্ন ক্রিকেট। দুদলই আরও টেস্ট খেলতে চায়। আশা করি ভবিষ্যতে তা হবে। একদিন এক ফরম্যাট, আরেকদিন অন্য ফরম্যাট—এভাবেই মানিয়ে নিতে হবে।’
মাস দুয়েক আগে টি-টোয়েন্টি সিরিজ হেরে দেশ ফিরেছিল পাকিস্তান। এবার লাল বলের সিরিজ তাই তাদের জন্য বাড়তি প্রেরণা। মাসুদ মনে করেন, ‘আমাদের দল এমন যে পেস হোক বা স্পিন, সব কন্ডিশনের জন্য তৈরি। আর কন্ডিশন তো আশানুরূপই পেয়েছি।’