এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সামনে। টানা দ্বিতীয়বার শিরোপা জিততে মরিয়া পিএসজি। আর ২০ বছর পর ফাইনালে উঠে প্রথম ট্রফি ছুঁতে চায় আর্সেনাল। স্বাভাবিকভাবেই দুই শিবিরে উত্তেজনা চরমে। গানারদের জন্য এটি প্রতিশোধের ম্যাচ, আর পিএসজির সামনে ঐতিহাসিক সুযোগ—২০১৬ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার।
মাত্র এক বছর আগে শেষ দেখা হয়েছিল এই দুই দলের। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালের ইউরোপীয় স্বপ্ন ভেঙে দিয়েছিল পিএসজি। লুইস এনরিকের দল গানারদের ৩-১ গোলের লিডে উড়িয়ে দিয়েছিল। তারপর ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ফরাসিরা। এবার প্রতিশোধের আগুন জ্বালিয়ে সেই একই মঞ্চে নামবে আর্সেনাল।
শেষ লড়াইটা হয়েছিল পার্ক দে প্রিন্সেসে, সেমিফাইনালের দ্বিতীয় লেগে। পিএসজি লন্ডনে প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল। প্যারিসে গিয়ে আর্সেনাল শুরু করেছিল দারুণ। ডেকলান রাইস গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত শট রুখে দেন দোনারুমা। আর্সেনালের চাপাচাপিতে ঘাম ছুটেছিল পিএসজির, কিন্তু টিকে যায় এনরিকের দল।
২৭তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের অসাধারণ হাফ ভলি গোলে এগিয়ে যায় পিএসজি। ফ্রি কিক ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-০ লিড পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে নাটক আরও জমে ওঠে। ভিএআরে হ্যান্ডবলের কারণে আর্সেনালের বিরুদ্ধে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু দাভিদ রায়া অসাধারণ সেভে ভিতিনহাকে আটকে দেন।
কিন্তু ৭২তম মিনিটে আশরাফ হাকিমির বাঁকানো শটে দ্বিতীয় গোল হজম করে আর্সেনাল। বুকায়ো সাকা একটি গোল শোধ দিলেও আর প্রত্যাবর্তন হয়নি গানারদের।
ওই ম্যাচের নায়ক ছিলেন দোনারুমা। দুই লেগে তার দারুণ সেভ আর্সেনালের দাপটের মাঝেও পিএসজির স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। আর্সেনাল বল দখলে রেখে সুযোগ তৈরি করছিল, কিন্তু পিএসজির বিধ্বংসী কাউন্টার আর নিখুঁত ফিনিশিংয়ে হার মানে। বিশেষ করে ভিতিনহা, জোয়ান নেভেস ও রুইজ মিডফিল্ডে বাধা হয়ে দাঁড়ান।
এবার বুদাপেস্টে পুসকাস এরেনায় ফাইনাল। ৩০ মে শুধু চ্যাম্পিয়ন নির্ধারণ হবে না, হার ভুলে প্রতিশোধ নেওয়ার মঞ্চ তৈরি হয়েছে আর্সেনালের জন্য।