এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৬:০৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শেষ দুই আসরে নানা বিতর্কের শেষ নেই। গেল ২০২৫ সালেই ফিক্সিং আর পেমেন্ট ইস্যুতে তোলপাড় কাটে টুর্নামেন্টটা। তাছাড়া দল গঠন থেকে শুরু করে নানা অব্যবস্থাপনার কথাও কম শোনা যায়নি। এবার চমক দিলেন বিপিএল কর্তাদের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি সাফ জানিয়ে দিলেন, জোড়াতালি দিয়ে কোনো টুর্নামেন্ট করতে রাজি নন তিনি।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বললেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএল করা উচিত। শুধু করতেই হবে—এমন চিন্তা থেকে বিপিএল না করাই ভালো। আমি সব সময় চাই নিয়মিত বিপিএল হোক। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি।’
একটু থেমে তামিম আরও বলেন, ‘আমি যদি কোনো কাজ করি, যার কারণে বিসিবি ভোগান্তিতে পড়ে, তাহলে সেটার দায়িত্ব আমাকেই নিতে হবে। ভুল তো সবার হতে পারে। কিন্তু জেনেশুনে ভুল করাটা অপরাধ।’
একই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। তিনি জানান, ‘দুটি দলের সঙ্গেই চুক্তি হয়নি। অথচ তারা একটা আসর খেলে ফেলেছে (সিলেট ও নোয়াখালী)। চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিজে নিয়েছিল। বিসিবির ভুল সিদ্ধান্তের কারণেই এখন ভুগতে হচ্ছে। সামনে যেন এমন না হয়, সেটা নিশ্চিত করব। কোয়াবের প্রেসিডেন্ট মিঠুনের সঙ্গে কথা হয়েছে। খেলোয়াড়দের চুক্তি কীভাবে হবে, সেটাতে বিসিবি নির্দেশনা দেবে, যেন খেলোয়াড়রা সমস্যায় না পড়েন।’