ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? অমিত শাহ আজই করবেন বড় ঘোষণা, টেনশনে জয়ী বিধায়করা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? অমিত শাহ আজই করবেন বড় ঘোষণা, টেনশনে জয়ী বিধায়করা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। এখন নতুন সরকার গঠনের পালা। আর সেই সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন— সেই বড় সিদ্ধান্ত আজ শুক্রবারেই।

ইতোমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত এক দশকে বহুবার এসেছেন তিনি এ রাজ্যে, কখনও সভাপতি হিসেবে, কখনও মন্ত্রী হিসেবে। কিন্তু এবারের আগমন একেবারে আলাদা। গৈরিক বাংলায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা চূড়ান্ত করতেই তার এই সফর।

বঙ্গ বিজেপির একাংশের ধারণা, মন্ত্রিসভার তালিকা পকেটে নিয়েই বুধবার রাতে কলকাতায় নেমেছেন অমিত শাহ। জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক নাকি শুধু আনুষ্ঠানিকতা। তবে এক কেন্দ্রীয় নেতা বলছেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় বিজেপির সরকার গড়া অমিত শাহের স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। এখন কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা তুচ্ছ বিষয়।”

বিজেপির গেরুয়া শিবিরে এখন চাপা উদ্বেগ। মুখে না বললেও অনেক বিধায়কের মনে টেনশন। ৪ মে ভোটের ফল প্রকাশের দিনও তাদের মধ্যে উদ্বেগ ছিল। আজ শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে সেই টেনশন আরও বেড়েছে। কারণ এখানেই ঠিক হবে কারা মন্ত্রিত্ব পাচ্ছেন।

এক জয়ী প্রার্থী বুকে হাত দিয়ে বলেন, “নিজের হার্টবিট নিজেই শুনতে পারছি। এত টেনশন! কেউ বলছে তালিকায় নাম আছে, কেউ বলছে গ্যারান্টি নেই।”
রাঢ়বঙ্গের আরেক জয়ী প্রার্থী যোগ করেন, “ভোটে জেতার আশা ছিল না। আমরা তো হারতে হারতেই রাজনীতি করেছি। কিন্তু এবার প্রবল হাওয়ায় জিতে গিয়ে মন্ত্রী হওয়ার স্বপ্নটাও পূরণ করতে চাই।”

আজ শুক্রবার দুপুরে বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও রাজ্যের সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। মতামত নেওয়ার পর স্থির হবে কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা— অর্থাৎ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

তবে দলীয় সূত্রের খবর, বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ দপ্তরের খসড়া তৈরি হয়েই আছে। এক নেতা বলেন, আরএসএসের পরামর্শ উপেক্ষা করা হয় না। এখন দেখার বিষয় সঙ্ঘ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়।

সবকিছু ঠিক থাকলে আজ মন্ত্রিসভা চূড়ান্ত হলে কাল শনিবারই ব্রিগেডে শপথ নেবেন নতুন বিধায়করা। সেই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীনসহ বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
এর আগে নিউটাউনের একটি হোটেলে অমিত শাহ বৈঠক করবেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে। সেখানেই সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানা গেছে।