এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে গত রোববার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে বড় অভিযানের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাত্র দুদিন পরেই সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। কারণ হিসেবে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানান।
তবে গতকাল বৃহস্পতিবার নতুন তথ্য বেরিয়ে এসেছে। প্রথমে সৌদি আরব ও কুয়েত যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। এ কারণেই ট্রাম্পকে অভিযান স্থগিত করতে হয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি ও কুয়েত এখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র আবারও ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর দিকে এগোচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই অভিযান আবার শুরু হতে পারে।
ট্রাম্প যখন রোববার অভিযানের ঘোষণা দেন, তখন আরব দেশগুলো বেশ অবাক হয়ে যায়। কারণ এ ব্যাপারে তাদের সঙ্গে কোনো আগাম আলোচনাই করেনি যুক্তরাষ্ট্র। পরে সৌদি ও কুয়েত স্পষ্ট জানিয়ে দেয়, তারা তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না।
ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করলেও দুজনের মধ্যে এ বিষয়ে একমত হতে পারেননি। সৌদির এক কর্মকর্তা বলেছেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়টিকে যুক্তরাষ্ট্র প্রথমে গুরুত্ব দেয়নি। এছাড়া পরিস্থিতি খারাপ হলে মার্কিনিরা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে চলে যেতে পারে— এমন আশঙ্কায় তারা আকাশসীমা বন্ধ রেখেছিল।
এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় হরমুজ অভিযান আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।