ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

চোর নিজেই পুলিশকে ফোন করল! কারণ শুনলে চমকে যাবেন আপনিও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৪:০৫ পিএম

চোর নিজেই পুলিশকে ফোন করল! কারণ শুনলে চমকে যাবেন আপনিও

দরজার বাইরে তখন রণে ভরেছে জনতা—গণপিটুনি দিতে তৈরি। আর ঘরের ভেতরে দুই চোর প্রাণভয়ে কাঁপছে। উপায় না দেখে শেষমেষ কী করল জানেন? পুলিশকেই ফোন করে নিজেদের উদ্ধার করতে অনুরোধ করল তারা!

হ্যাঁ, সত্যিই। আপনি কি কখনও শুনেছেন চোর নিজে এসে পুলিশকে ফোন করছে? ওড়িশার রাউরকেলায় এমনই এক অভাবনীয় ঘটনা ঘটেছে গত ২৯ এপ্রিল।

ঘটনা কী? দুই চোর ঢুকেছিল একটি দোতলা বাড়িতে। বাড়ির মালিক তখন ছিলেন না। তারা আলমারি ভেঙে টাকা আর স্বর্ণালঙ্কার নিয়ে নেয়। কিন্তু তাদের খটাখট আওয়াজ পেয়ে সতর্ক হয়ে যান এক প্রতিবেশী। পাশের বাড়িতে সন্দেহজনক ওই দুই লোককে ঘোরাঘুরি করতে দেখে তিনি এলাকার মানুষজনকে খবর দেন। তখনই ধীরে ধীরে ওই বাড়ির চারপাশে জমতে থাকে লোকেরা।

চোর দুজন বুঝতেই পারেনি যে বাইরে এত লোক জড়ো হয়েছে। পরে পরিস্থিতি টের পেয়ে তারা আঁতকে ওঠে। বাইরে তখন রাগে ফুঁসছে জনতা—দরজা খুললেই গণপিটুনি শুরু। এই অবস্থায় বাঁচার একটাই উপায় দেখল তারা। পুলিশকে ফোন করে বলল, ‘আমরা চোর, কিন্তু দয়া করে এসে উদ্ধার করুন, না হলে জনতা মেরে ফেলবে!’

পুলিশ জানিয়েছে, ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখে বাড়ির বাইরে বিশাল ভিড়। সেই ভিড় ঠেলেই ভেতরে ঢুকে দুই চোরকে সেফভাবে উদ্ধার করে পুলিশ। তাছাড়া চুরি করা টাকা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার হয়। শেষমেষ বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

অবিশ্বাস্য ঠিকই, কিন্তু সত্যি—প্রাণ বাঁচাতে চোরেরাই এদিন বাধ্য হয়েছিল পুলিশের শরণাপন্ন হতে।