এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর সম্পূর্ণ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার (৭ মে) সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে নিজের রাজনৈতিক যাত্রার ইতি টানার কথা জানান তিনি। পাশাপাশি নতুন সরকারকে শুভেচ্ছাও জানিয়েছেন এই তারকা।
২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী। তারপর পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ বছরের নির্বাচনেও একই কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি। তবে এবার বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হেরে যান।
ফল প্রকাশের দুই দিন পর সোশ্যাল মিডিয়ায় লেখেন রাজ, ‘জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, সততা আর নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পা। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী ৫ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হল, ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা।’
পোস্টে নতুন সরকারকেও শুভেচ্ছা জানান রাজ। তিনি লেখেন, ‘বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে, ২০২৬ তারা শপথ নেবেন। তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সব সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’
প্রসঙ্গত, নির্বাচনের সময় ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর প্রচার নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও ফল ঘোষণার দিন পরিস্থিতি ছিল উল্টো। গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে নিয়ে “চোর চোর” স্লোগান দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি তাকে লক্ষ্য করে কাদাও ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ নিয়ে পরে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি রাজ।
তার পরাজয়ের পর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে তাঁর পাশে থাকার বার্তা দেন। ইঙ্গিতপূর্ণ সেই পোস্টে তিনি বোঝানোর চেষ্টা করেন, এই পরাজয় যেন কোনোভাবেই রাজ চক্রবর্তীর মনোবল ভেঙে না দেয়।
রাজনৈতিক জীবনের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারেও সক্রিয় ছিলেন রাজ চক্রবর্তী। সম্প্রতি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে একটি তথ্যচিত্রও বানিয়েছিলেন তিনি। তবে এবার নির্বাচনী হারের পর পুরোপুরি চলচ্চিত্র জগতেই মন দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।