ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সোনার দামে ফের উর্ধ্বগতি! দুই দিনের ব্যবধানে বড় লাফ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

সোনার দামে ফের উর্ধ্বগতি! দুই দিনের ব্যবধানে বড় লাফ

স্বর্ণপ্রেমীদের জন্য চমক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা আর সুদের হার কমানোর আশায় বিশ্ববাজারে ফের বেড়ে গেল সোনার দাম। শুক্রবার (০৮ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৯.৬ ডলারে। আর এ সপ্তাহে সামগ্রিকভাবে দাম বেড়েছে ২ শতাংশ। খবর রয়টার্সের।

জুনে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও বেড়েছে ০.১ শতাংশ। এখন দাম ৪ হাজার ৭১৬.৫০ ডলার।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর গোলাবর্ষণ করে মাসব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও তেহরান বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর ওয়াশিংটনও জানিয়েছে, তারা উত্তেজনা বাড়াতে চায় না।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের ইতিবাচক মন্তব্য আর শান্তি চুক্তি নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদ সোনার বাজারকে শক্তিশালী করছে।

জানা গেছে, গত ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম বেড়ে যাওয়ায় সোনার দাম প্রায় ১০ শতাংশ কমে গিয়েছিল। কারণ তখন মুদ্রাস্ফীতির আশঙ্কায় সুদের হার বাড়ার সম্ভাবনা ছিল।

বর্তমানে বিনিয়োগকারীরা নজর রাখছেন মার্কিন কর্মসংস্থান রিপোর্টের দিকে। কারণ এটি ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

শুধু সোনা নয়, রূপার দামও বেড়েছে ১.৫ শতাংশ। এখন প্রতি আউন্স রুপির দাম ৭৯.৬৮ ডলার। এ ছাড়া প্ল্যাটিনাম বেড়েছে ১.২ শতাংশ এবং প্যালেডিয়াম বেড়েছে ১.৪ শতাংশ। ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা আর অর্থনৈতিক অনিশ্চয়তা কমায় এসব মূল্যবান ধাতুর দাম উর্ধ্বমুখী।

উল্লেখ্য, এর আগে বুধবার (০৬ মে) মার্কিন ডলারের দরপতন আর মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনায় স্বর্ণের দাম বেড়েছিল ২ শতাংশের বেশি। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেদিন স্পট গোল্ড উঠেছিল ৪,৬৪৭ ডলার ৯ সেন্টে।