এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

অভিনয় আর ফ্যাশন—দুই জায়গাতেই সবার নজর কাড়েন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি আরও একবার প্রমাণ করলেন, ফ্যাশনের মাঠে তাঁর জুড়ি মেলা ভার। ‘বেঙ্গলস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস’ সিজন ৩-এর মঞ্চে হাজির হয়েই সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। আর তার কারণ, ছেলেবেলার ছুটির নস্ট্যালজিয়া ভরা এক অনবদ্য পোশাক!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মনামীর এই নজরকাড়া লুক গড়ে উঠেছে একটি এনজিওর শিশুদের হাতে আঁকা ছবি দিয়ে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। ছোট্ট শিশুদের তুলির আঁচড়ে ফোঁটা ছাতা, চাঁদ, সূর্যের ছবি কোলাজ করে বানানো হয়েছে তাঁর ড্রেস। আর হাতে নিয়ে এসেছেন হলুদ রঙের কাগজের নৌকা, যেখানে লেখা ‘ছুটি ছুটি’।
কিন্তু কেন এই ভাবনা? নিজেই জানালেন মনামী। তাঁর স্মৃতির মণিকোঠায় ঘাপটি মেরে আছে একসময়ের টিআরপি চার্টের শীর্ষে থাকা ছোটদের টিভি শো ‘ছুটি ছুটি’। তিনি বলেন, ‘ছোটবেলায় ‘ছুটি ছুটি’ আমার সবচেয়ে প্রিয় শো ছিল। একটা দিনও মিস করতাম না। গ্রীষ্মের ছুটি এলেই টিভির সামনে গিয়ে বসে যেতাম। সেই দিনগুলোকেই মঞ্চে ফিরিয়ে এনেছি।’
আর হাতে থাকা নৌকা ব্যাগ দেখিয়ে মনামী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘ছোটবেলায় বৃষ্টি নামলেই কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতাম। গরমের ছুটির দিনে বৃষ্টি এলে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়তাম আর জমা জলে নৌকা ভাসাতাম। তাই আমার ব্যাগেও লেখা আছে ‘ছুটি ছুটি’।’
শুধু অভিনয় বা ফ্যাশন নয়, ভক্তদের চমকে দেওয়া যেন মনামী ঘোষের অভ্যাস। এই অভিনেত্রীর আগামীর কাজের দিকে তাই এখন দর্শকদের চোখ-কান সবার আগে।