ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বাজলো ক্ল্যাপবোর্ড! প্রথমবার সজল-মিষ্টি জুটি, শিরোনাম ‘দুজনে’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

বাজলো ক্ল্যাপবোর্ড! প্রথমবার সজল-মিষ্টি জুটি, শিরোনাম ‘দুজনে’

অভিনয়ের জগতে নতুন চমক! এবার প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন আবদুন নূর সজল ও মিষ্টি জান্নাত। আর তাদের প্রথম সিনেমার নামই রাখা হয়েছে ‘দুজনে’। সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। ইতিমধ্যেই রাজধানীর একটি হোটেলে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি।

কবে থেকে শুরু হচ্ছে শুটিং? মিষ্টি জান্নাত জানিয়েছেন, আগামী ১২ মে থেকে ক্যামেরার সামনে দাঁড়াবেন তারা। সিনেমা প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস বললেন, ‘এই সিনেমাটি আসলে এক রোমান্টিক জার্নি। দুই ভিন্ন কারণে দুজন এক হওয়া। সেখান থেকেই শুরু হবে তাদের যাত্রা। পুরো পথ চলায় একে অপরকে বোঝা, ভালোবাসা, কখনো হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা—এটাই গল্প।’

মিষ্টি জান্নাত নিজেও এই সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দেবাশীষ দাদার সঙ্গে অনেকদিন ধরেই এই সিনেমা নিয়ে কথা হচ্ছিল। কিন্তু শোয়ের কাজে আমি লন্ডনে ছিলাম। তার ওপরে আমি একজন চিকিৎসক। সেখানেও সময় দিতে হয়। এসবের ফাঁকেই সিনেমা করি। তিনি গুণী একজন নির্মাতা। তাঁর কথামতো এই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা রাখছি, খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দর্শকদের দেখাতে পারব।’

‘দুজনে’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আর চিত্রনাট্যও লিখেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। যৌথ প্রযোজনা করছে হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা। দ্রুত শুটিং শেষ করেই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।