এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৭:০৫ পিএম

চার বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের মধ্যে অবশেষে সাময়িক শান্তির ইঙ্গিত মিলেছে রাশিয়া ও ইউক্রেন থেকে। আগামী ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। এই সময়ে সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ রাখার পাশাপাশি উভয় পক্ষ এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে।
এই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, তার অনুরোধেই রাশিয়া ও ইউক্রেন এই অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান।
ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেন আগামী তিন দিন যুদ্ধবিরতি পালন করবে। রাশিয়ায় এটি বিজয় দিবস উপলক্ষে এবং ইউক্রেনেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকার স্মরণে পালিত হবে।”
তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘদিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। তার দাবি অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় যুদ্ধ এবং এটি শেষ করার জন্য আলোচনা প্রতিদিনই আরও এগিয়ে যাচ্ছে।