এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৭:০৫ পিএম

কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হলেই যুক্তরাষ্ট্র বারবার সামরিক পথে এগিয়ে যায়—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিষয়টি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার বদলে প্রায়ই সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়। তবে চাপের মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
এর আগে ওমান উপসাগরে ইরানি নৌযানকে লক্ষ্য করে মার্কিন হামলার খবর প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করে, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করায় দুটি খালি তেলবাহী ট্যাংকারকে তারা ‘অকার্যকর’ করে দিয়েছে। তাদের দাবি, এখন পর্যন্ত ৭০টিরও বেশি ট্যাংকার চলাচলে বাধা দেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড জানায়, তারা ওমান উপসাগরে অভিযান চালিয়ে একটি ট্যাংকার জব্দ করেছে। ইরানের দাবি অনুযায়ী, ওই জাহাজ দেশটির তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করছিল। রাষ্ট্রীয় গণমাধ্যমে অভিযানের ভিডিওও প্রকাশ করা হয়। জানা গেছে, জাহাজটি বার্বাডোজে নিবন্ধিত।
এই পাল্টাপাল্টি অভিযোগের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেখানে কূটনীতি আর সামরিক শক্তির সংঘর্ষ আবারও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠছে।