এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৭:০৫ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। সংগঠনটির দাবি, বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং দক্ষিণ লেবাননে চলমান আক্রমণের প্রতিশোধ হিসেবেই এই পাল্টা আঘাত চালানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এর জবাবে উত্তর ইসরায়েলের নাহারিয়ার দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা পর আরেকটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবি করে সংগঠনটি।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী এবং একজন উদ্ধারকর্মী রয়েছেন।
গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। ওই ঘটনার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রথম হামলার সময় উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি শহর ও গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হিজবুল্লাহ আরও দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও একাধিক হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, বড় ধরনের হামলা বা লঙ্ঘনের ঘটনা ঘটলে ইসরায়েল আত্মরক্ষার ব্যবস্থা নিতে পারবে। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলজুড়ে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।