এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৪:০৫ পিএম
বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার (৫০০ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। শুধু তা-ই নয়, বার্ষিক সহায়তাও বাড়ানো হচ্ছে ২০ শতাংশ।
সোমবার (২৫ মে) সকালে ঢাকায় এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই বড় অংকের সহায়তার কথা জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতির এই সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা মোকাবিলায় বাড়ানো হয়েছে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের তহবিল।
বর্তমানে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য প্রায় ২ বিলিয়ন ডলার। কিন্তু মধ্য মেয়াদে এই পরিমাণ বাড়িয়ে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা আছে সংস্থাটির। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়ন দেওয়া হবে বাংলাদেশকে।
এই ঘোষণায় দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।